সরকারি জমি অবৈধভাবে দখল করে ইট বালু ব্যবসা করার অভিযোগে মোবাইল কোর্ট

খবর নারায়ণগঞ্জ.কম: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে “গ্রীন এন্ড ক্লিন” কর্মসূচীর আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মাসদাইরের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের সরকারি জমি অবৈধভাবে দখল করে ইট বালু ব্যবসা করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ মে) সকালে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সালাউদ্দিন এন্ড সন্স, আব্দুল মোতালেব আয়রন ষ্টোর ও আশা সিমেন্ট নামের দোকানে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রীও জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় সরকারি অনুমতি ছাড়াই জায়গা দখল করে ইট, বালু ও পাথর রাখার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। একইসঙ্গে বিকালের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাওয়া ইট ও বালু জব্দ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আজকের অভিযান প্রশাসনের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা বহন করে বলেও জানানো হয়।
