রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ প্রজাতির চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু সংখ্যার লক্ষ্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। শিক্ষার্থীরা আজ যে চারা রোপণ করল, তাদেরই যত্নে তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। আসুন, প্রতিটি চারা বাঁচাই এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হই।”
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমিগণ, সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, কর্মসূচির আওতায় জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে স্কুল-কলেজ, সড়ক, নদীর পাড় ও সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ চলবে। রোপণ করা প্রতিটি চারা পরিচর্যার জন্য শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে, যাতে গাছ লাগানোর পাশাপাশি বাঁচানোর লক্ষ্য পূরণ হয়।
