আমাদের সম্পদ হচ্ছে আমার দেশের জনগণ – ডিসি জাহিদুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ.কম :
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বে একটি র্যালী কোর্ট প্রাঙ্গন ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে। এসময় ১১জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মানব জীবনে আমরা বিভিন্ন চরিত্রের অবতারনা দেখতে পাই। মানুষের মাঝে হিংস্রতা, সামাজিকতা সহ সবধরনের চরিত্রের বহিঃপ্রকাশ দেখি। অটিজমের বিষয় ইদানীংকালে বেশী দেখা যাচ্ছে। সমাজে আমরা যারা সুস্থ্য আছি তাদের চলাফেরা একরকম আর যারা অটিজম তাদের চালচলনে অনেক পার্থক্য আছে। আমরা এখনো পর্যন্ত বৈশ্বিকভাবে এতটা উন্নত হইনি যে এটাকে নিয়ন্ত্রন করতে পারবো। তাই সারাবিশ্বের মানুষ এটা নিয়ে কাজ করছে। তবে সমাজের সকলের সাথে আমিও একমত তারা আমাদের বোঝা নয়।
তিনি আরও বলেন, আমাদের মত দেশের একটি পরিবারে যখন একজন মানুষ অটিজমের শিকার হয় তখন সেই পরিবারটি বুঝতে পারে এর মুখোমুখি হওয়াটা কতখানি কঠিন। তাই তারা যেন গুরুত্বহীন হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন আমাদের সম্পদ হচ্ছে আমার দেশের জনগণ। আমি মনে করি আমাদের প্রতিটি জনগণকে সম্পদে পরিণত করতে হবে। যারা এসকল মানুষদের যত্ন নিচ্ছে, সেবা দিচ্ছে তারা যে কতটুকু পরিশ্রম করছে সেটা না দেখলে অনুধাবন করা যায় না। তাই সমাজে যারা সম্পদশালী আছেন তাদের প্রত্যেকেরই উচিত এসকল সামাজিক কাজে এগিয়ে আসা। তাদেরকে শুধু অর্থনৈতিক না মানিসকভাবেও সহযোগীতা করতে হবে। মানুষ হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করতে হলে অন্যকে ভালোবাসতে হবে, দেশের কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কনসালটেন্ট সানজিদা মিশরা, বধির সংস্থা জেলার সভাপতি আবুল কালাম আজাদ, কিডস কেয়ার এর রেনু বেগম, সোহেল রানা সহ প্রমুখ।


