তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র : তরিকুল সুজন

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসরাইয়েল কৃর্তক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে জাহিদ সুজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব।
বিক্ষোভ সমাবেশে তরিকুল সুজন বলেন, ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন আর ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হল ইউরোপিয়ান দখলদারি ঔপনিবেশিক প্রকল্প। প্যালেস্টাইনের নিরস্ত্র মানুষের ওপর এই বর্বরোচিত হামলা হচ্ছে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক জায়নবাদী নীলনকশা। পুরো পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞে মদদ জোগাচ্ছে। আর্ন্তজাতিক যুদ্ধ বিরতি চুক্তি অমান্য করে গত ১৮ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজায় নিহত হয়েছে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে আছে অনেক শিশু। বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার রাফাহ, খান ইউনিসসহ অন্যান্য শহর।
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, শরণার্থী শিবির-কোনও স্থাপনাই ইসরায়েলের হামলার হাত থেকে রেহাই পায়নি। হাজার হাজার টন বোমা ফেলে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই হামলার বিরুদ্ধে খোদ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু ইসরায়েল তাতে তোয়াক্কা করছে না। কারণ তার প্রতি সমর্থন রয়েছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত ৯০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন গাজা আক্রমণে। এ ছাড়া ২৮৩ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ১৩৫ জন জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন, যা জাতিসংঘের ইতিহাসে সর্বোচ্চ।
সভাপতির বক্তব্যে নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, জাতিসংঘের ১৯২টি দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে, ফিলিস্তিন জনগণের নিজস্ব ভূমির অধিকার কেড়ে নিয়ে জায়নবাদী নীতি প্রতিষ্ঠার লক্ষ্য জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে না। আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাজমা বেগম, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রাইসুল রাব্বি, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা কমিটির আহ্বায়ক আবদুল আল মামুন, মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জয়, ১৮নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল প্রমুখ।


