ছিনতাইকারীর ছুরিকাঘাতে রোহান নিহতের ঘটনায় দুই জনকে আটক করেছে ডিবি
খবর নারায়ণগঞ্জ.কম :নারায়নগঞ্জে কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রোহান নামে এক যুবক নিহতের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকার মৃত নূর ইসলামের ছেলে শাহ আলম (৩৫) এবং একই থানার বাগানবাড়ি এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ইমরান হোসেন (৩২)।
এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নগদ ১হাজার ৫শ’ টাকা ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৩জুলাই) বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এরপূর্বে বুধবার রাতে ফতুল্লা থানার তল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১০ জুলাই রাতে রোহান (২২) ও রিপন (২০) নামের দুই ভাই তারাবোর উদ্দেশ্যে চট্টগ্রামের পটিয়া থেকে সৌদিয়া বাসে উঠলে পরদিন ১১ জুলাই ভোর ৫টায় তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে নামেন।
পরে তারা ঢাকাগামী মহাসড়কের উপর আসলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা দুই ছেলেকে আটকে ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। তখন দুই ভাই তাদের টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি পেটে ও বুকে ছুরিকাঘাত করে ছিনতাইকারিরা। এতে তারা গুরুতর জখম হয়।
পুলিশ সুপার আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগীদের ডাক চিৎকার শুনে তাদের চাচাতো ভাই গোলাম মোস্তফা সহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আরমানুল ইসলাম রোহানকে মৃত ঘোষণা করেন এবং আরেক ভাই আরমানুল ইসলাম রিপন (২০) আইসিইউতে ভর্তি আছেন।
দুই ছিনতাইকারীকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান।


