তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রাত পেরিয়ে দিন না আসতেই শুরু হয়েছে দখলবাজী আর সন্ত্রাসের রামরাজত্ব, প্রশাসন নির্বিকার

খবর নারায়ণগঞ্জ.কম :
‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) সকালে প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ একটি সমৃদ্ধশালী শহর। ব্যবসা-বানিজ্য, শিক্ষা, রাজনীতি সহ নানা ভাবে পরিচিত এ শহর। বিগত দিনগুলোতে এ শহরকে একটি পরিবার জিম্মি করে রেখেছিলো। মাঠ-ঘাট, ব্যবসা-বানিজ্য, স্কুল-কলেজ ফুটপাত থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যেখানে তাদের কালো থাবা ছিলোনা। তাদের অত্যাচারে সাধারণ মানুষ ছিলো অতিষ্ঠ। যানজট, ফুটপাত দখল, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এর অত্যাচারে মানুষের জীবন হয়ে উঠেছিলো দুর্বিষহ। ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটে। সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। কিন্তু রাত পেরিয়ে দিন না আসতেই শুরু হয়ে যায় দখলবাজী আর সন্ত্রাসের রামরাজত্ব৷ বিএনপির কিছু নামধারী নেতা নিজেদের জাহির করার জন্য এসকল অবৈধ কর্মকান্ডে মেতে ওঠে। এদিকে নগরীর ফুটপাত পূর্বের চাইতে দ্বিগুন ভাবে দখল হয়ে পড়ে। যার ফলে সাধারণ মানুষের রাস্তায় চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। পরিবহন সেক্টর দখলকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন প্রকার অপকর্ম করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরকে দূষনমুক্ত, ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের ভূমিকা থাকবে সবার আগে কিন্তু বর্তমান সময়ে তাদের তেমন কোন কার্যক্রম নেই। লিংক রোডে চাঁনমারি মাজারের সামনে সামান্য রাস্তা ভাঙ্গা, সেটাও ঠিক করার নাম নেই। এতটুক ভাঙ্গার জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়। নগরীতে অটোরিক্সার ব্যাপক সয়লাভ৷ কোন প্রকার আইনি পদক্ষেপ নেই। হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ রেস্টুরেন্টের অভাব নেই। এসপি সাহেব শুধু বদলির মধ্যেই থাকেন। অথচ তার কার্যালয়ের আশপাশে মাদকের সবচাইতে বড় দুটি আখড়া রয়েছে। মাদক বিক্রিকে কেন্দ্র করে এখানে খুনের মত ঘটনাও ঘটেছে। নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সংস্কার প্রয়োজন। সকলের সহযোগীতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
গোলটেবিল বৈঠকে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুম, শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাঈল, বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ বাবুল, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মইনুদ্দিন আহমেদ, মহানগরের সভাপতি আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ, এবি সিদ্দিকী, এনটিভির প্রতিনিধি নাফিজ আশরাফ, দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, তরিকুল সুজন সহ প্রমুখ।

Related Articles

Back to top button