নারায়ণগঞ্জ হচ্ছে হেফাজত ইসলামের একটি ঘাঁটি – মুফতি মামুনুল হক
খবর নারায়ণগঞ্জ.কম :
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোঃ মামুনুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের একটি ঘাঁটি। এই ঘাঁটিতে অনেকেই দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিয়েছে আসছেন। সেই জায়গায় আমরা হযরত ওমর ফারুক (রা) সুন্নত অনুসরণে একটি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। আজ এই প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় নেতারা কমিটির প্রস্তাবনা পেশ করবেন। এই কমিটি ঘোষণার পর যারা নতুন ভাবে দায়িত্বে এসেছেন বা যারা পুরাতন ছিলেন, আপনাদের ব্যক্তিগত বা কাছের মানুষের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ইসলামের চাওয়া পাওয়ার হিসেব অনুযায়ী কাজ করবেন। আমরা কল্যাণের চিন্তাকে সামনে রেখে আগামীতে কমিটি পরিচালনা করবো।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আন্দোলন সংগ্রামের জন্য একটি উর্বর জায়গা। ২০১৩ সালের হেফাজত ইসলামের রক্তাক্ত আন্দোলনের জন্য দেশে যদি অন্য কোন জেলার নাম আলাদা করে উল্লেখ করা হয় সেটি হবে নারায়ণগঞ্জ। এই হেফাজতের জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে নারায়ণগঞ্জের মাটি ও মানুষ। হেফাজত ইসলাম এর একটি ঘাটি হচ্ছে নারায়ণগঞ্জ। একটি গাছের অনেকগুলো পাতা অনেকগুলো ডাল থাকে, সামান্য বাতাসে একই গাছের ডালগুলো একে অপরের সাথে বাড়ি খায়। একইভাবে যদি আমরা সকলে একসাথে চলি তাহলে বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে। সকলের মতকে একত্রিত করে একসাথে চলাই আমাদের কাজ। তাই আমাদের এই কমিটি গঠন করতে কাঙ্খিত সময়ের থেকেও একটু বেশি সময় লেগেছে। বক্তব্য শেষে হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব কমিটি ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলা হেফজত ইসলামের কমিটিতে সভাপতি মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবিএম সিরাজুল মামুন। সেইসাথে মহানগর হেফাজত ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশদি ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মীর আহমাদুল্লাহ।
মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আপাতত আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি। পরবর্তীতে সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে মিডিয়ার মাধ্যমে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করবেন।
