সরকার পতন আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে – আজমেরী ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি ও সমমনা দলগুলির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে বিশাল গাড়ি বহর নিয়ে নগরী ও মহাসড়কে মটর শোভাযাত্রা করেছেন আজমেরী ওসমান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আল্লামা ইকবাল রোড থেকে তিনি গাড়ি বহর নিয়ে বের হন।
গাড়ি বহরটি আল্লামা ইকবাল রোড থেকে বের হয়ে পঞ্চবটি, নাসিম ওসমান সেতু হয়ে চাষাড়া, সিদ্ধিরগঞ্জ, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক ঘুরে পূণরায় আল্লামা ইকবাল রোডে তার বাসভবনে এসে শেষ হয়।
এসময় আজমেরী ওসমান জানান, উন্নয়নের ধারাকে ব্যাহত করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত জোট। সরকার পতন আন্দোলনের নামে তারা হরতাল অবরোধের মত কর্মসূচী দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চান কিন্তু কুচক্রী মহল বার বার অবরোধ সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সেটা নস্যাৎ করার চেষ্টা করছে। নারায়ণগঞ্জে যেন এ ধরনের কোন ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে সেজন্য আমরা যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। যেখানেই নাশকতার চেষ্টা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে তবে কেউ শান্তি শোভাযাত্রাকে আতঙ্ক আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।নারায়ণগঞ্জে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য হরতাল, অবরোধের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি। নেতাকর্মীদের নিয়ে শান্তি শোভাযাত্রা করছি।
বিরোধী দলগুলোর অবরোধ-হরতালের এ কর্মসূচি শুরু হয়েছে গত ২৮ অক্টোবরের সহিংসতাকে কেন্দ্র করে। সরকার পতনের একদফা আন্দোলনে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, মনির হোসেন, আকতার নুর, হোসেন রেজা, সেন্টু রহমান, ইফতি সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
