সরকার পতনের জন্য নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে – এড. সাখাওয়াত
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) বিকেলে চাষাড়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হারুন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
সম্মেলনের উদ্বোধন করেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন খান।
এসময় প্রধান অতিথি এড. আনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল, এর শিকড় তৃনমূল পর্যন্ত। বর্তমান সরকার দীর্ঘ ১৫ বছর যাবৎ বিএনপিকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে। এমন কোন পন্থা নেই যা তারা অবলম্বন করেনি। জনগণ এখন বুঝে গেছে যে ভোট এখন আর দিনের আলোতে হয় না, রাতের আধাঁরে হয়। যদি এ ধরনের নির্বাচন না চান তাহলে সরকার নয়, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের দাবী একটাই হাসিনার পদত্যাগ।
তিনি আরও বলেন, গত তিন প্রজন্মকে এ সরকার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। আজকে প্রমানিত হয়েছে বিরোধী দলকে গুম, খুন, হামলা, মামলা করে দমনের চেষ্টা করা হচ্ছে। তাই সাধারণ জনগণ এখন বেগম জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তাই এ সরকার পতনের জন্য নারায়ণগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতন আন্দোলন করতে হবে। এসময় তিনি ১৩নং থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে দলের আমানত ঠিক রেখে কাজ করার আহ্বান করেন।
প্রধান বক্তা এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই খাদ্যদ্রব্য, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকটি ফ্লাইওভার আর একটি পদ্মা সেতু করেই তারা উন্নয়নের গান গাইছে। অথচ বাজারে গেলে আমরা দিশেহারা হয়ে যাই। অথচ আট হাজার মাইল দূরের তারেক জিয়া, বেগম খালেদা জিয়া দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান। আমরা দিনের ভোট দিনে দিতে চাই, রাতে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, মাসুকুল ইসলাম রাজিব, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, রাশিদা জামাল, সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. আনোয়ার প্রধান ও বন্দর থানার সদস্য সচিব নাজমুল হক রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
