আওয়ামী লীগের শোক র‌্যালির গেঞ্জি প্রিন্ট করতে গিয়ে ৪ শ্রমিক আটক, যুবদল নেতাদের তদবির


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন / ০ Views
আওয়ামী লীগের শোক র‌্যালির গেঞ্জি প্রিন্ট করতে গিয়ে ৪ শ্রমিক আটক, যুবদল নেতাদের তদবির

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের রিভার ভিউ মার্কেটের একটি প্রিন্টিং কারখানায় আওয়ামী লীগের শোক র‌্যালির জন্য গেঞ্জি প্রিন্ট করার অভিযোগে চার শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগের শোক র‌্যালিকে কেন্দ্র করে গেঞ্জি প্রিন্টের কাজ চলছিল কারখানাটিতে। বিষয়টি জানতে পেরে তারা পাশের নারায়ণগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে হেফাজতে নেয়।

এদিকে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও বন্দর থানা যুবদল নেতা মিঠু। তবে বিএনপির নেতাদের তদবিরের পরও সংবাদ লেখা পর্যন্ত আটক চার শ্রমিকের মুক্তির কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, “এ ধরনের ঘটনায় আমরা নিয়মিত মামলা নিচ্ছি। আমাদের একটু সময় দিতে হবে। মামলা হয়ে গেলে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব। মামলা অবশ্যই হবে। আত্মীয়-স্বজন কিংবা কোনো দলীয় প্রভাব থাকলেও সেই সুযোগ নেই। আমরা বলেছি, কোর্ট থেকে জামিন করে নিতে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।