আইনজীবী সমিতির স্বার্থের বাইরে সরকার কোন সিদ্ধান্ত নিবেনা – এড. আনোয়ার প্রধান


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ১০:০১ অপরাহ্ন /
আইনজীবী সমিতির স্বার্থের বাইরে সরকার কোন সিদ্ধান্ত নিবেনা – এড. আনোয়ার প্রধান

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) বিকেল ৩টায় আইনজীবী সমিতি ভবনের ৩য় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান বলেন, আইনজীবীদের স্বার্থের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে আমরা বিশ্বাস করি। নারায়ণগঞ্জের আদালত স্থানান্তর নিয়ে বিভিন্ন ভাবে যে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই। নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু মামলা ও আদালত অন্যত্র সরিয়ে নেয়ার কথা বিভিন্ন মহলে শুনতে পাওয়া গেলেও এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আদেশ, নির্দেশনা বা প্রজ্ঞাপন জেলা আইনজীবী সমিতি পায়নি।
তিনি আরও বলেন, আইনজীবী সমিতির ভবন যেখানে রয়েছে, সেখানেই থাকবে এবং সেই সাথে নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও জজ কোর্টও একই স্থানে থাকবে। ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে স্থানান্তর নিয়ে বিভিন্ন কথা বলা হলেও এ বিষয়ে আইনজীবী সমিতি কোনো সরকারি প্রস্তাবনা পায়নি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, এসব আদালত পরিচালনার জন্য বর্তমান আদালত ভবনেই পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকার যদি এ বিষয়ে নির্দেশনা দেয়, তাহলে বিদ্যমান ভবনেই প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে এসব আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
চাষাড়া গোল চত্বরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, চাষাড়া নারায়ণগঞ্জবাসীর কাছে অত্যন্ত যানজটপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে আদালতের কার্যক্রম এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্যসহ দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কেউ কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে এমন বক্তব্য দিয়ে আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।
তিনি বলেন, আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না। নারায়ণগঞ্জের আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের স্বার্থ রক্ষায় আইনজীবী সমিতি সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. আব্দুল গাফ্ফার, যুগ্ম আহ্বায়ক এড. শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এড. এ কে এম ওফর ফারুক নয়নসহ আইনজীবী সমিতির সদস্যরা।