সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন সিভিল সার্জন ডা. সাখাওয়াত


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১২:০২ অপরাহ্ন /
সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন সিভিল সার্জন ডা. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম: অবশেষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদিকে, এ জেলায় সিভিল সার্জন হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পবিরার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম।

২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সাধারণত দুই বছরের বেশি এ পদে কোনো সরকারি কর্মকর্তা না থাকলেও তিনি চার বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে দায়িত্বে ছিলেন।

চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধনে এসে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝাড়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ওই সময় সিভিল সার্জনের চার বছরের বেশি সময় ধরে এ পদে থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অব্যবস্থাপনা ঠিক করতে তিনদিনের আল্টিমেটাম দেন।

জেলা সিভিল সার্জন মুশিউর রহমানের বিরুদ্ধে প্রয়াত এক নার্সের পেনশনের টাকার চেক প্রদান করতে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবির একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ অডিও ভাইরালের কয়েকদিন পরই তাকে ওএসডি করার খবর এসেছে।

আগামী ২৪ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।