হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন / ০
হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয় – প্রফেসর ডাঃ নাসির উদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম :
‘ডোন্ট মিস এ বিট—Don’t Miss a Beat’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সচেতনতামূলক র্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো আ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিইও, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নাসির উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যখন একজন মানুষ মাতৃগর্ভে থাকে তখন ১২ সপ্তাহে প্রথম হার্টবিট শুরু হয়। যতক্ষন পর্যন্ত এই হার্টবিট চলবে ততক্ষন আপনি আমি জীবিত থাকবো। যখন এটা বন্ধ হবে তখন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। এই হার্টবিটের মাধ্যমেই আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হয়। বেঁচে থাকার জন্য মানুষের শরীরে যতগুলো অর্গান রয়েছে তার মধ্যে এটি অন্যতম। হার্ট যদি ভালো না থাকে তাহলে শরীরের বিভিন্ন অংশে সমস্যা দেখা দিবে। তিনি আরও বলেন, আমরা মানসিক সমস্যা নিয়ে ভাবি না অথচ মানসিক সমস্যার কারনে হার্টে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। এমনকি যদি আমাদের পরিবেশ ঠিক রাখতে না পারি সেটার জন্যেও হার্টের সমস্যা দেখা দিবে। এজন্য আমাদের পরিবেশ, মন ও খাবারের অভ্যাস ঠিক রাখতে হবে। আমরা সবাই যদি শারিরীক পরিশ্রম করি তাহলে আমাদের হার্টের রক্ত চলাচল ঠিক থাকবে। তাই হার্ট সুস্থ্য রাখতে হলে আমাদেরকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।
র্যালিতে অংশগ্রহণকারীরা হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। প্ল্যাকার্ডে নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান পরিহার, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ হৃদযন্ত্র সুস্থ রাখার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, হৃদরোগ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ  কর্নেল নিজামুল হোসেন সওদাগর প্রমুখ।