

খবর নারায়ণগঞ্জ.কম:
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, “আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে।”
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা মৎস্য অফিসে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।
এ সময় তিনি মৎস্যজীবীদের সন্তানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, “আমরা মৎস্যজীবী ভাইদের সন্তানদের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করার চেষ্টা করছি।” এ জন্য শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরির চেষ্টা চলছে।
মানুষের খাদ্যাভ্যাস ও রুচি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের পছন্দও আগের প্রজন্মের চেয়ে আলাদা। তাই দেশে ও বিদেশে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে।” অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন, উপযুক্ত খাবার নির্বাচন এবং উন্নত চাষপদ্ধতি প্রয়োগের মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে।
আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। বাংলাদেশকেও সেই প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে।
মৎস্যজীবীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমরা আমাদের সকল জেলে ভাইয়ের কাছে অনেক বেশি ঋণী।” সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা মাছ আহরণ করেন। তাদের পরিশ্রমে দেশের মানুষের আমিষের চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে।
বক্তব্যে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তার কাজের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, জেলেপল্লি পরিদর্শনের সময় মৎস্যজীবীদের সঙ্গে ওই কর্মকর্তার আন্তরিক সম্পর্ক তাকে মুগ্ধ করেছে।
মৎস্যজীবীদের সমস্যা ও প্রয়োজন সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে তিনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :