

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ এক সাগর রক্ত ও অগনিত মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিলো। দুঃখজনক বাস্তবতা হলো স্বাধীন হওয়ার পর যে বা যারাই ক্ষমতায় এসেছিলো তারা কেমন উন্নয়ন করেছে সেটা সকলেই জানি।
স্বাধীনতার পর থেকে কারা টেন্ডারবাজি, সন্ত্রাসী, খুন-খারাবির রাজনীতি করেছে আর কারা উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করেছে সেটাও জাতি জানে। কারা বিদেশে টাকা করেছে, বেগম পাড়া তৈরি করেছে সেটা সবাই জানে। আপনাদের অনেক অলিক স্বপ্ন দেখিয়েছে কিন্তু বাস্তবতা হলো তারা কেউ এমন স্বপ্নের ধারেকাছেও যায় নি।
তিনি আরও বলেন, পীর সাহেব চরমোনাই সকলকে ইসলামী শরিয়ার পক্ষে আসার আহ্বান জানিয়েছে। ইসলামী জীবন ব্যবস্থাকে শুধুমাত্র নামাজ ও রোজার মধ্যে আবদ্ধ রেখেছে। আমরা যারা মুসলমান প্রত্যেককেই আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলতে হবে। তাই আসুন যারা দেশে ইসলাম ও শান্তি চান, কোরআনের আইন চান তারা দেশ ও মানবতার পক্ষ নিন এবং ইসলামী আন্দোলনে যোগ দিন।
কর্মী সংগ্রহ অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :