শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন


Jahid প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন / ০ Views
শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক এক মানববন্ধন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ  জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে নগরীর মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
বুধবার ৭ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে এবারের প্রতিপাদ্য বিষয়- “সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর।”
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- জেলার আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদসহ নেতৃবৃন্দ এবং পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।
তারা বলেন- নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি  থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে।
উপস্থিত ছিলেন জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য।