প্রবাসফেরত কামালের কাছে চাঁদা দাবী সন্ত্রাসী অনিক ও চঞ্চল গংদের, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন / ০
প্রবাসফেরত কামালের কাছে চাঁদা দাবী সন্ত্রাসী অনিক ও চঞ্চল গংদের, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জে এক প্রবাসফেরত ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিলে দোকান-গোডাউন বন্ধ করে দেওয়া, ভাড়াটিয়াকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ কামাল উদ্দিন (৭৫)। অভিযুক্তরা হলেন, অনিক, আজিজুর রহমান চঞ্চল, রাসেল, রাকিবুল আলম ও সজল।
অভিযোগে কামাল উদ্দিন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় জায়গা কিনে সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার সম্পত্তি ও ব্যবসায়িক স্থাপনা নিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবি করে আসছেন। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর দোকান/গোডাউনের ভাড়াটিয়াকে দোকানে তালা দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখায় ও চলতি মাসের ২০ হাজার টাকা দোকান ভাড়া ভাড়াটিয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্ত অনিক (২৬) এই বলে হুমকী দেয় যে, যদি অভিযোগ করা হয় তাহলে এর ভয়াবহ পরিণতি ডেকে আনা হবে এবং ২০ লাখ টাকা চাঁদা না দিলে দোকানঘর তালাবদ্ধ করে দেওয়া হবে। এমনকি তার একমাত্র ছেলে মোস্তাকিম আলমকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকীও প্রদান করে।
অভিযুক্তদের হুমকি ও চাপের কারণে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় তার বা পরিবারের সদস্যদের ওপর বড় ধরনের হামলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগী কামাল উদ্দিন।