সিটি কর্পোরেশনে নতুন জিয়া হলের স্থাপত্য নকশা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:২০ অপরাহ্ন / ০
সিটি কর্পোরেশনে নতুন জিয়া হলের স্থাপত্য নকশা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন

খবর নারায়ণগঞ্জ.কম :জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা’র অর্থায়নে ১২০ কোটি টাকা ব্যয়ে পুনরায় নির্মাণ করা হবে ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স ভবন  শহীদ জিয়া হল। নতুন ভবনে আধুনিক সাংস্কৃতিক ও নাগরিক সুবিধার পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, আর্ট গ্যালারি, সেমিনার কক্ষ ও কমিউনিটি সেন্টার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে নতুন জিয়া হলের স্থাপত্য নকশা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম ও বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শহীদ জিয়া হল নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ও অবহেলায় থাকার পর নতুনভাবে এর নির্মাণকাজ শুরু হবে। এতে করে শহর একটি নতুন রুপ পাবে।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব বলেন, যখন শহীদ জিয়া হল নতুন করে নির্মিত হবে তখন এলাকাটি আরো বেশী প্রানবন্ত হয়ে উঠবে। এটাকে আরও বেশী সুন্দর ও আধুনিক করে তুলতে সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।
সভায় জানানো হয়, নতুন কমপ্লেক্স ভবনের নিচে থাকবে দুই তলা বেজমেন্ট। সেখানে প্রায় ৫০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের বিভিন্ন তলায় থাকবে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, কমিউনিটি সেন্টার এবং সাংস্কৃতিক চর্চার জন্য মহড়া কক্ষ।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাসের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রিন্সিপাল আর্কিটেক্ট আর. জাহিদ আই খান প্রজেক্টরের মাধ্যমে নতুন জিয়া হলের বহুতল ভবনের স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক মডেল উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।