জেলা ও মহানগর জাসাসের মানববন্ধন


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:১৮ অপরাহ্ন / ০ Views
জেলা ও মহানগর জাসাসের মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জাসাসের জেলা ও মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা মুখরিত হয়ে ওঠে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে জাসাস মাঠে থাকবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নির্দেশিত পথে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলের নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে। নিষিদ্ধ ঘোষণার পরও একটি কুচক্রী মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু নারায়ণগঞ্জে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতির কথা বলেন। আরেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও জোরদারের আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.জাকির হোসেন ও এড. হুমায়ুন কবির এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান টিপু। বক্তারা আওয়ামী লীগের কার্যক্রমের নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুনর রশীদ খাঁন মুকুল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখতে নারায়ণগঞ্জ জাসাস সবসময় সক্রিয় থাকবে। নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।