আমরা শোকাহত: সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন /
আমরা শোকাহত: সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই

প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টু আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই সাংবাদিক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘসময় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে নিজ বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তার বোন তাকে জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যান। সেখানেই শুক্রবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফিজুর রহমান মিন্টু দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনে তিনি একজন পরিচিত ও প্রবীণ মুখ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার কর্ম ও স্মৃতি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।