প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন /
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা (২০২৬) উৎসবমুখর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা ও শৃঙ্খলাবোধ তৈরি করবে। একটি সুষ্ঠু, উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সদর উপজেলা থেকে সেরা দল বাছাই করা হবে। শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের খেলোয়াড়দের নিবন্ধন, মাঠ প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান ইউএনও।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বালক গ্রুপে ৭২টি এবং বালিকা গ্রুপে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
গ্রুপ পর্যায়ের খেলাগুলো উপজেলার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওসমানী পৌর স্টেডিয়ামে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল স্কুলের ক্রীড়া শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর দেশব্যাপী পর্দা উঠবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার।