
খবর নারায়ণগঞ্জ.কম :
সিরাজগঞ্জে বাসদের সমাবেশে হামলাকারী বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি এবং সারাদেশের বিভিন্ন জায়গায় মব করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের প্রতিবাদে
নারায়ণগঞ্জে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখার উদ্যোগে রবিবার কাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, ২৮ আগস্ট সিরাজগঞ্জের পিপুলিয়াবাজারে বিদ্যুৎ সংকট ও সার সংকট সমাধানের দাবিতে বাসদের সমাবেশে বিএনপি সন্ত্রাসীরা হামলা করে। এতে আহত হয় বাসদ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক নব কুমার কর্মকার, বাসদ নেতা পলাশ, সাইফুল, আজিজ, ইব্রাহীমসহ ১০ জন নেতা-কর্মী। স্বৈরাচারী শেখ হাসিনা দমনপীড়ন, সন্ত্রাসের পথে বিরোধী আন্দোলনকে দমিয়ে রেখেছিল। তার পরিনতি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে পতন ও দেশত্যাগ। আর সদ্য নির্বাচিত বিএনপি সার ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলায় বাসদের সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করার পথ অবলম্বন করল। যা আমাদের আওয়ামী স্বৈরাচারের? কথা মনে করিয়ে দিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হত্যা, ধর্ষণ, হামলা, মব, ছিনতাই ব্যাপক রূপ ধারণ করছে। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারকে তার বাসায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা তদন্তে পুলিশের ভূমিকা ও বক্তব্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। কোন বিশেষ ক্ষমতাধরদের কি এখানে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে ?
নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে তথাকথিত তৌহিদী জনতার নামে মব তৈরি করে হামলা চালায় এবং বন্ধ করে দেয়। কিশোরগঞ্জেও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। একথা বলে তিনি মবকারীদের সমর্থন করছেন। আমাদের জিজ্ঞাসা ব্রাহ্মণবাড়িয়া কী বাংলাদেশের বাইরে? ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী কি তিনি নন? ওখানে কি দেশের আইন আলাদা?
নেতৃবৃন্দ বাসদ সমাবেশে হামলাকারী, গণপতি পরিবার হত্যাকারী, মব সৃষ্টিকারীদের গ্রেফদার ও শাস্তি দাবি করেন।দলীয় বিবেচনা না করে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :