
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আইন সকলের জন্য সমভাবে প্রয়োগ হবে। আমি বাকিগুলোর কথা বলতে পারবো না। আমার প্রতিষ্ঠানে আইন প্রয়োগের ক্ষেত্রে আপনি কে? কত বড় ক্ষমতাশালী এটা আমার প্রতিষ্ঠানে বিবেচ্য বিষয় হবে না।
সোমবার (২৪ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আজকে পর্যবেক্ষণের পরে অনুধাবন করলাম আপনি দাবী করেন আপনি সচেতন নাগরিক, কিন্তু আপনার ওপরে আসলে সেটা দেখা যায় না। আমি স্পষ্ট করে বলতে চাই। আইন সবার জন্য সমান। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় অঙ্গিকারের একটি। আইনের ব্যত্যয় ঘটলে সেটা কোন ব্যক্তি কোন গোষ্ঠী সেটা দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই নারায়ণগঞ্জবাসীর জন্য নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা সবসময় খোলা। বিনিময়ে সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। বাকি সব দায় দায়িত্ব আমাদের।
তিনি বলেন, আপনারা কোথাও আইন লঙ্ঘন দেখলে আমাদের অবগত করুন। এটা আপনাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের বর্তমানে জনবলের সংকট রয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই। কোথাও আইন লঙ্ঘন হলে সেটা আপনারা প্রতিবেশী বা এলাকার লোক হোক। আমাদের জানান। সকলের জন্য যেটা কল্যাণকর আমরা সেটাই করবো।
তিনি আরও বলেন, আপনারা বিনা কর্তৃপক্ষের অনুমতিতে কোন রকমের স্থাপনা নির্মাণ করবেন না। স্থাপনা নির্মাণে যে নিয়ম নীতি রয়েছে সেটা মেনে কাজ করতে হবে। আপনারা সরকারের সাথে দায়িত্বশীল আচরণ করলে সরকার এর চেয়ে ১শ গুন বেশি সাহায্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে।
আপনার মতামত লিখুন :