ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শত শত পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন। মাংস বিতরণকালে তিনি বলেন, জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশ দেন সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মধ্যে এই কোরবানির মাংস বিতরণ করার জন্য।
কোরবানির মাংস পেয়ে খুশি হন দুস্থ ও অসহায় মানুষেরা। তাদের একজন বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আবার কারো কাছে চাইতেও পারি না। মাংসের দাম বেশি হওয়ায় অনেক সময় কিনে খেতেও পারি না। ফলে অনেক ঈদ আমাদের মাংস ছাড়াই কাটে। আজ মাংস পেয়ে খুব ভালো লাগছে। আজ ঈদ বলে মনে হচ্ছে।
উপকারভোগীরা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।



