ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

খবর নারায়ণগঞ্জ.কম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় নারায়ণগঞ্জে তিনটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী করের নেতৃত্বে আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও সাইনবোর্ড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়।
এ সময় ডলফিন পরিবহন, ইকরা লাক্সারি পরিবহন ও শান্তি পরিবহনকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর বলেন, ঈদযাত্রায় যাত্রীসাধারণ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন সে জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা নিয়মিত মনিটরিং করছি। অতিরিক্ত ভাড়া আদায় করলে বা নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিটি বাস কাউন্টারে মূল্যতালিকা দৃশ্যমান রাখতে হবে। যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সহযোগিতা করেন।

