প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর: সাইনবোর্ডে জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের জমকালো শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্যাপক শোডাউন ও শুভেচ্ছা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
শনিবার ১৬ই মে সকাল তারেক রহমান সড়কপথে চাঁদপুর যাওয়ার সময় সাইনবোর্ড এলাকায় পৌঁছালে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদের নেতৃত্বে সস্রাধিক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা সাইনবোর্ড এলাকায় জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল তারেক রহমান ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড। তারেক রহমানের গাড়ি বহর সাইনবোর্ড এলাকা অতিক্রম করার সময় নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
অভ্যর্থনা শেষে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদ বলেন, “তারেক রহমান দেশের মেহনতি মানুষ ও শ্রমিক সমাজের আশার আলো। তার এই সফরকে সফল করতে এবং তাকে এক নজর দেখতেই আমরা এখানে ছুটে এসেছি।”
আগামী দিনে দেশের পরিবহন খাতকে স্বৈরাচার ও চাঁদাবাজমুক্ত করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ শ্রমিক ইউনিয়ন সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে।
কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, রবু, মিলন, মিশু, রাজিব, পায়েল, হান্নান, আকরাম, আকাশ, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, টিটু, জুয়েল, সুজন, আনোয়ার সহ অন্যান্য নেতাকর্মীরা।