তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রেস রিলিজ:
ঈদের কমপক্ষে ৭ দিন আগে সকল শ্রমিককে পূর্ণ ঈদ বোনাস, মে মাসের পূর্ণ বেতনসহ বকেয়া পাওনা পরিশোধ, বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ এবং শ্রমিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল সাড়ে ৪:৩০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং সঞ্চালনা করবেন সহ-সভাপতি হাসনাত কবির। বক্তব্য রাখবেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন সর্দার, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন, তল্লা আঞ্চলিক শাখার সংগঠক কামাল হোসেন এবং ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রুহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ঈদ উৎসব প্রতি বছর নির্ধারিত সময়েই আসে। সরকার, মালিকপক্ষ ও দেশের জনগণ সকলেই বিষয়টি জানলেও ঈদ এলেই অসাধু মালিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টায় লিপ্ত হয়। দেশে শ্রম মন্ত্রণালয়, শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ এবং জেলা প্রশাসনের নেতৃত্বে ক্রাইসিস প্রতিরোধ কমিটি থাকা সত্ত্বেও অধিকাংশ মালিক শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করেন না। আইন অনুযায়ী মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও অনেক মালিক শ্রমিকদের নামে মাত্র ৫০০ বা ১০০০ টাকা “বকশিস” দিয়ে দায়সারা আচরণ করে, কারখানা বন্ধ করে পালিয়ে যায় কিংবা বিভিন্ন ধরনের তালবাহানা করে।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের দিয়ে প্রতি সপ্তাহের শুক্রবার জেনারেল ডিউটি করানো হয়। সে হিসেবে মে মাসের পূর্ণ বেতন ঈদের আগেই পরিশোধ করা ন্যায্য দাবি। আগামী ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকরা যদি আগেভাগে পূর্ণ বেতন ও বোনাস পায়, তাহলে তারা পরিবার-পরিজনের কাছে টাকা পাঠিয়ে মিলেমিশে কোরবানি দিতে পারবে এবং সন্তানদের নিয়ে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারবে।
বক্তারা অভিযোগ করেন, গত ঈদুল ফিতরে সরকার মালিকদের হাজার হাজার কোটি টাকার প্রণোদনা দিলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদসহ রবিনটেক্স বাংলাদেশ লিমিটেডের ২২ জন শ্রমিককে মিথ্যা মামলায় কারাভোগ করানো হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা এখনও চলমান রয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ আরও দাবি জানান—
ঈদের অন্তত ৭ দিন আগে পূর্ণ ঈদ বোনাস, মে মাসের পূর্ণ বেতন ও সকল বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে।
যেসব মালিক শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করবে না, তাদের তালিকা প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন না করা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মালিকের অবহেলায় শ্রমিক নিহত বা স্থায়ী পঙ্গু হলে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
নারায়ণগঞ্জসহ দেশের সকল শ্রম আদালতের চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দিতে হবে।
