তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব – আমিন মাহাদি

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে। সরকার জনগণের পাশে থেকে দেশের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে।
রবিবার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে। বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে অবস্থান করছে। এ শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
উপদেষ্টা আরও বলেন, নতুন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি ও জটিলতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় লাইসেন্স ও হয়রানি কমিয়ে সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করা হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্মসংস্থান সৃষ্টি, কর সুবিধা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও টেক্সটাইল খাতের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার শিল্প-কারখানার উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন, কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক ফরহাদ সিদ্দিক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন,জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ,বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান পিপিএম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button