বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাব সদস্যদের ওপর হামলা।। আহত ৩

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বোয়ালিয়া খাল এলাকায় এ হামলায় র্যাবের অন্তত তিন সদস্য আহত হন, যাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, র্যাব সদস্যরা তথ্য সংগ্রহ ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময়ই হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে জানা যায়, কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই র্যাব-১১ এর একটি অতিরিক্ত দল ও পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। আহতদের মধ্যে মাহি ও ইব্রাহীম নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, “কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।” একই সঙ্গে তিনি জানান, ঘটনাটির পর এলাকাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।