পূণর্বাসনের দাবীতে হকারদের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান
খবর নারায়ণগঞ্জ.কম :
নগরীতে সড়ক থেকে ফুটপাত উচ্ছেদের পর পুনর্বাসন ও নির্দিষ্ট সময়ের জন্য ফুটপাতে বসার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে হকাররা।
সোমবার (৪ মে) সকাল থেকে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয় তারা।
জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
অবস্থান কর্মসূচীতে হকাররা বলেন, আমরা আইন মানতে প্রস্তুত, কিন্তু আমাদের বাঁচার পথও থাকতে হবে। নির্দিষ্ট সময় বেঁধে দিলে আমরা সেই সময়েই ব্যবসা করবো। পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ এবং অন্তত কিছু সময়ের জন্য ফুটপাতে বসার সুযোগ দেওয়া হলে তারা তা মেনে নেবেন।
জাতীয়তাবাদী হকার ইউনিয়ন মহানগরের সভাপতি মিজানুর রহমান রনির নেতৃত্বে হকার নেতারা স্থানীয় সরকার উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনের কাছে স্মারক লিপি প্রদান করেন।
হকার নেতা রনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছে আমাদের। সিটি করপোরেশনের প্রশাসকের সাথে বসে একটি সুন্দর সমাধান করবে। প্রধানমন্ত্রী বলেছেন শুধু উচ্ছেদ করলে হবে না, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং কর্মের ব্যবস্থা করতে হবে। যেন হকাররা খেয়ে বাঁচতে পাবে এবং আমরা আশাকরি জেলা প্রশাসক সুদৃষ্টি দিবে ও ভালো একটি সমাধান হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ।

