নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।
শুক্রবার, ১ মে জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং মসজিদের ইমাম সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার আংশিক ঢালাই করা হলেও বাকি অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিনগুলো ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে বহু মাস ধরে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং মুসল্লিদের নামাজ আদায়ে মারাত্মক কষ্ট হতো।
এমতাবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় শত শত মুসল্লির নামাজ আদায়ে সুবিধা হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”
মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
