নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটের জরিপে এগিয়ে হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। এরই মধ্যে একটি ভোটের জরিপে দেখা গেছে, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ভোটের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে দাবি করা হয়েছে।
জরিপ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ভোটারদের মতামত সংগ্রহ করে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, নতুন রাজনৈতিক সমীকরণ ও বহুমুখী প্রার্থীর কারণে আসনটিতে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হলেও মোহাম্মদ আলীর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে জরিপে উঠে এসেছে।
জানা গেছে, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী হাতি প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৪ (সদরের একাংশ, ফতুল্লা ও আশপাশের এলাকা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে একাধিক প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
স্থানীয় ভোটারদের একটি অংশ বলছেন, মাঠপর্যায়ে গণসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে হাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আলোচনায় রয়েছেন। অপরদিকে অন্য প্রার্থীরাও সমানতালে প্রচার চালিয়েছেন, ফলে শেষ পর্যন্ত ভোটের দিনই চূড়ান্ত ফল নির্ধারণ হবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে মোহাম্মদ আলীর সমর্থকরা জানান, “জরিপে এগিয়ে থাকার খবর আমাদের কর্মীদের আরও উৎসাহিত করেছে। আমরা ভোটের দিন পর্যন্ত গণসংযোগ অব্যাহত রাখব।”
তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কোনো জরিপই চূড়ান্ত ফলাফল নয়; ভোটের দিন ভোটারদের উপস্থিতি ও সিদ্ধান্তই নির্ধারণ করবে কে বিজয়ী হবেন।
নারায়ণগঞ্জ-৪ আসনকে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন হিসেবে ধরা হয়। বিভিন্ন দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকায় শেষ পর্যন্ত ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।



