মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬’।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের ঐতিহ্যবাহী নিতাইগঞ্জ জিমখানা মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজন করে এ প্রতিযোগিতা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পরিচালক মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের সুস্থ বিনোদন ও মাঠের খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। কেবল আইনি কঠোরতা দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। তরুণরা খেলাধুলায় মত্ত থাকলে বিপথে যাওয়ার সুযোগ পাবে না। নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সেই লক্ষ্যেই নিরন্তর কাজ করে যাচ্ছে।তিনি খেলোয়াড়দের সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সাথী, আরিফ মিহির সহ ভলিবল ও কাবাডি দলের খেলোয়াড় ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

