ঐক্যবদ্ধতার জন্যই দেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছিলো – ইসমাইল কাওছাড়
খবর নারায়ণগঞ্জ.কম :
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর জাতীয়তাবাদী হকার্স শ্রমিক দলের নেতা কেএম মিজানুর রহমান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মনির মল্লিক।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাওছাড় বলেন, এটা আমাদের দেশের একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়। জনতা ও সিপাহীর ঐক্যবদ্ধতার জন্যই দেশ ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছিলো এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তিনি বলেছেন আমার দেশের সকলেই শ্রমিক এবং আমি নিজেকে একজন শ্রমিক ভাবতে গর্ববোধ করি।
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে আপনারা চাঁদা দিয়ে ব্যবসা করেছেন কিন্তু ৫ আগস্টের পর থেকে চাঁদা ছাড়া ব্যবসা করছেন। যদি দল ক্ষমতায় আসে তাহলে চাঁদা থাকবেনা, চাঁদা ছাড়াই আপনারা ব্যবসা পরিচালনা করবেন। নারায়ণগঞ্জের সাবেক ছাত্রনেতা জাকির খান সবসময় আপনাদের খোঁজখবর নেন। তিনি সবসময় আপনাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন আমরা সকলে মিলে এর বাস্তবায়ন করবো। আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, গার্মেন্ট শ্রমিক দল জেলার সাধারণ সম্পাদক মোস্তফা রনি, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, যুবদল নেতা বাবু প্রমুখ নেতৃবৃন্দ।

