তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বর্তমানে কন্যাশিশুরা অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক সচেতন ও সাহসী। তারাই এখন অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে। এটাই সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফলতা অর্জন করতে হবে। মেধা ও শ্রম দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। কোনো পথই কণ্টকমুক্ত নয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে শিক্ষার্থী, সমাজসেবক ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ১০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, যা নারীর আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতা বৃদ্ধির প্রতীক হিসেবে প্রশংসিত হয়।

জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সমাজসেবকবৃন্দ।

Related Articles

Back to top button