জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে গোবিন্দপুর হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রম নিয়ে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে মাদরাসার সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চলছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।
স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং- ৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।