মডেল মাসুদ কি বিএনপির কর্মী নাকি ক্ষমতার প্রত্যাশী

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে পালন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মডেল ডি ক্যাপিটাল এর কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের অনুসারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মডেল মাসুদের অনুসারী ও তার কারখানার কর্মকর্তা মনির সর্দারের নেতৃত্বে এ র্যালী অনুষ্ঠিত হয়৷
শহরে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা গিয়েছে। কারন দল থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি মাঠে নেই। জানা যায় তিনি তার কারখানার শ্রমিক ও নব্য বিএনপিদের নিয়ে এ র্যালী করেছেন।
অপরদিকে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক সাংসদ ও মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম-আশা, টিপু-সাখাওয়াত, জাকির খান সহ সকল নেতৃবৃন্দ এমনকি জেলার নেতৃবৃন্দও রাজপথে থেকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী নেতাকর্মীদের নিয়ে পালন করেছেন। কিন্তু মাসুদুজ্জামান মাসুদ তার অনুসারীদের দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন, যা তাকে প্রশ্নের সম্মুখীন করেছে। অনেক নেতাকর্মী বলছেন, দলের প্রতি দরদ নেই তার। তিনি শুধুমাত্র ক্ষমতার প্রত্যাশী।
এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম অসুস্থ্য হয়েও নেতাকর্মীদের নিয়ে রাজপথে থেকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। যা কিনা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাই সকলের মনে প্রশ্ন, মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ তিনি কি সত্যিই বিএনপির কর্মী নাকি ক্ষমতার প্রত্যাশী।


