দাম বেশী রাখার চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে – দিপু ভূইয়া
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি বলেন, আর মাত্র দুদিন পরই পবিত্র মাহে রমজান শুরু হবে। এ সময়টাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় আবার ব্যবসায়ীদেরও কিছু সমস্যা হয়। তারা কখনো ছিনতাই আবার কখনো চাঁদাবাজির কবলে পড়ে। আমরা চেষ্টা করছি আপনাদের সাথে মিলে কিভাবে সমস্যার সমাধান করা যায়। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী যে পরিমান দ্রব্য আমদানি করা হয়েছে তাতে সবমিলিয়ে দাম বাড়ার কথা নয়। রমজানের পবিত্রতা বজায় রাখতে আমরা চেষ্টা করবো দ্রব্যমূল্যের দাম সর্বনিম্ন রাখতে।
আমরা একটি মনিটরিং সেল করবো, নারায়ণগঞ্জ বাসীর জন্য হটলাইন নাম্বার দেবো। যদি কোন ব্যবসায়ী দাম বেশী রাখার চেষ্টা করে তাহলে জেলা প্রশাসকের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমি মনে করি, যারা এখানে আছেন তারা কেউ দাম বেশী রাখার পক্ষপাতি না। যদি সিন্ডিকেট করার চেষ্টা করা হয় আপনাদের নিয়ে সেটা ভাঙ্গা হবে।
তিনি আরও বলেন, কয়েকজন ব্যবসায়ী বলেছেন তাদের ট্রাক থেকে মাল নামানো হয় আবার অনেকের মাল সহ ট্রাক ছিনতাই করা হয়েছে। যেসব পয়েন্টগুলোতে ছিনতাই, চাঁদাবাজি হয়, যানজটের সমস্যা, ফুটপাত সমস্যা রয়েছে সেসব পয়েন্টগুলো প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রন করা হবে। সাথে চেম্বার অব কমার্স ও আপনাদের পক্ষ থেকে কমিউনিটি পুলিশ নিয়ে ব্যাপক আকারে কাজ করা। যদি যানজট সহ অন্য সমস্যাগুলো দূর করা যায় তাহলে পরিবহন খরচ কমে যাবে, এতে করে জিনিসপত্রের দামও বৃদ্ধি পাবেনা। এছাড়াও সিরাজউদ্দৌলা সড়ক সহ যেসকল সড়কে কাজ চলছে সেগুলো দ্রুত শেষ করার জন্য সিটি কর্পোরেশনের সাথে আমরা আলোচনায় বসবো। তবে নিতাইগঞ্জ সহ সারা নারায়ণগঞ্জে দিনের বেলায় আপনারা কোন প্রকার লোড-আনলোড করবেন না। আর চাঁদাবাজরা যদি কোনপ্রকার সমস্যা করে তাহলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স বসে থাকবেনা।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার সহ নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা মালিক সমিতি, নারায়ণগঞ্জ চাউল আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, চিনি ও ভোজ্য তৈল ব্যবসায়ী মালিক সমিতি, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতি, জেলা ডাল (ভূষামাল) ব্যবসায়ী সমিতি, দ্বিগু বাবুর বাজার সমিতি, আলীগঞ্জ বাজার সমিতি, পাগলা বাজার সমিতি, কালির বাজার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

