রূপগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী
রূপগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলা যুবদল বিশাল র্যালী বের করে। রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এ র্যালী বের করা হয়। র্যালীটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে গোলাকান্দাইল গোলচত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, তারাব পৌর যুবদলের সাবেক সদস্য সচিব কাজী আহাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আজিম সরকার, যুবদল নেতা সোহেল মিয়া, সানাউল্লাহ মান্নান সানী, মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম প্রমুখ।
এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক বলেন, স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো। আমাদের নেতাকর্মীদের উপর আওয়ামীলীগ সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম আওয়ামীলীগ সরকারের আমলের অনেক মামলা হামলার শিকার হয়েছেন।


