তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

নবজাতক হাসপাতালে মৃত্যুর খবর গোপন করে চিকিৎসা নাটকের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শিশুটির মৃত্যুর দু’ঘণ্টা অতিবাহিত হলেও কর্তৃপক্ষ বিষয়টি জানায়নি। উল্টো মৃত্যুর খবর গোপন রেখে জোরপূর্বক ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করানোর চেষ্টা করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাইনবোর্ডের বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতকের বাবার নাম লিমন। তিনি ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকার শহীদ মালেকের বাড়ির ভাড়াটিয়া।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, ওই নবজাতক ৬ দিন আগে যাত্রাবাড়ীর ডেল্টা হাসপাতালে জন্মগ্রহণ করে। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিল। গত ৬ সেপ্টেম্বর রাতে শিশুটির অবস্থা খারাপের দিকে যেতে থাকলে তাৎক্ষণিক সাইনবোর্ডের বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটির অবস্থার অবনতি দেখে আইসিইউতে পাঠায়। শনিবার দুপুরের পর মৃত্যু হলেও পরিবারকে বিষয়টি জানানো হয়নি। বরং চিকিৎসা চলমান আছে বলা হয়েছিল।

নবজাতকের বাবার বন্ধু জালকুড়ি মসজিদের মোয়াজ্জেম মো. হারিস মিয়া জানান, গতকাল নবজাতককে ভর্তি করানোর পরই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় পূর্বের হাসপাতালের কোনো টেস্ট কাজে লাগবে না। এখানে আবারো সবগুলো টেস্ট করানো লাগবে। আমরা বাধ্য হয়ে তাদের কথা অনুযায়ী সকল টেস্ট করিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। এরপর শনিবার দুপুরেও ডাক্তার আমাদেরকে দিয়ে কিছু ওষুধ কিনিয়েছেন। অথচ তখন বাচ্চাটি মৃত্যুবরণ করেছে।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মৃত্যুর খবর গোপন রাখে। এরপর যখন আমরা বাচ্চার সম্পর্কে ডাক্তারের কাছে জানতে চাই তখন ডাক্তার আমাদের বলে বাচ্চার অবস্থা ভালো না। তার মুখের অক্সিজেন খুললে দু’ঘণ্টার মধ্যে মারা যাবে। তখন আমি তাকে বললাম তাহলে বাচ্চাকে ছেড়ে দিন, আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার আমাদের বলতে লাগলেন হাসপাতাল থেকে বের করতে হলে ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করে নিয়ে যেতে হবে। না হয় দেওয়া সম্ভব না।

ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়ে জানতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের অ্যাডমিন (জিএম) নুরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুল চিকিৎসার বিষয়টি ডাক্তার বলতে পারবেন। আমি এটা বলতে পারছি না। আর এখানে ভুল চিকিৎসার কোনো সুযোগ নেই। কারণ অভিজ্ঞ ডাক্তাররা চিকিৎসা দেন।

মৃত্যুর দু’ঘণ্টা পরও জীবিত আছে বলে পরিবারকে জানানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমন কোনো কথা শুনিনি। আমার জানামতে শিশুটিকে আজ দুপুরে ভর্তি করানো হয়েছে। তাহলে এমন কিছু হওয়ার সম্ভাবনাই নেই।

Related Articles

Back to top button