নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বিক্ষোভ সমাবেশে হাজারো শিক্ষার্থী
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বিক্ষোভ সমাবেশে হাজারো শিক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি পালনে শিক্ষার্থীরা সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। পরে কয়েক হাজার শিক্ষার্থী শহরে প্রতিবাদী মিছিল বের করে।
এরপর বেলা ১১টায় চাষাঢ়া বিজয় স্তম্ভে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এসময় কিছু শিক্ষার্থী শহরে বিভিন্ন স্থাপনায় রং দিয়ে তাদের নয় দফা দাবি লেখে। এক পর্যায়ে বেলা ১টায় একটি ব্যানারে ‘বোরকা শামীম’ লিখে বিজয় স্তম্ভে ব্যানারটি টানিয়ে দেয়।
আজ বেলা সাড়ে ১১টা থেকেই নারায়ণগঞ্জের নগরীর দুই নম্বর গেট থেকে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভের সামনে বিক্ষোভ করে নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়াণ্ট জাস্টিস’, ও ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’–সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রকম্পিত করে রাখে পুরো নগরী।
এ সময় চাষাড়ার মোড়ে বিজিবির গাড়ির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে।
সারা দেশে ছাত্র- নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে এই কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এইদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ অবস্থানের কারণে নারায়ণগঞ্জে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
