বাংলাদেশের সরকার জনগণের জন্য একটি সুবর্ণ দ্বার খুলে দিয়েছে – লিপি ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
সর্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন কাজের সাথে থাকতে পারা, ভালো কাজ দাঁড়িয়ে থেকে দেখতে পারা, ভালো কাজের সাথে সামিল হওয়া, আমি মনে করি তারাই ভাগ্যবান যারা বলতে পারে। তাই তাদেরকে আমি অভিনন্দন জানাবো যাদের ভালো কর্মের দ্বারা নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সারা বাংলাদেশে প্রথম হয়েছে। এই যে টিম ওয়ার্ক, এটা যত বেশী সুষ্ঠু হবে, সাংগঠনিক হবে, তাদের মনমানসিকতা ভালো হবে তখন পুরস্কার তাদের ঘরে এসে পৌছবে। পুরস্কারের জন্য তাদেরকে দৌড়াতে হবে না। এই টিম ওয়ার্কের মাধ্যমেই জনগণের আমানত জনগণের কাছে কিভাবে পৌছে দিতে হয়, তার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম একটি। আমি বলবো বাংলাদেশের সরকার জনগণের জন্য একটি সুবর্ণ দ্বার খুলে দিয়েছে।
তিনি আরও বলেন, আপনার রোজগার করা টাকা যখন আপনি কোন উপায় খুঁজে পাবেন না, আপনাকে কেউ দেখবে না, টাকার খুব দরকার হবে তখন আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন। সেই ব্যবস্থা সরকার আপনাদের জন্য করে দিয়েছে। এটা শুধু দেশের জনগণের জন্য নয় বরং যারা বিদেশে বসবাস করছেন তারাও এ সুযোগ পাবেন। বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতেও এ ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাহলে আমরা কি বলবো, হয়তো বাংলাদেশ একবারে উপরে উঠে যাচ্ছে না কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলাম সহ প্রমুখ।

