নগরীর রামকৃষ্ণ মিশনে সরস্বতী পূজা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী। সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের চাষাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয় পঞ্চমী তিথি। পরদিন সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।
এসময় সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য বলেন, শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এ দেবীর পুজার আয়োজন করা হয়। শ্রী পঞ্চমীর দিন ভোর হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ঘরে ও সর্বজনীন পূজা মন্ডপে দেবীর পূজা অর্চনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা জানান শিক্ষার্থী ও ভক্তরা। বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’ এ মন্ত্র উচ্চারণ করে সরস্বতী দেবীর পূজা অর্চনা করেন ভক্তবৃন্দরা। গাঁজায় জঘন্য হত্যাকান্ড বন্ধের জন্যেও মায়ের কাছে প্রার্থনা করেছি।

