রাজনীতি মানে দেশ সেবা করা, রাজনীতি মানে এবাদত – শামীম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনোত্ত্বর পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাচনোত্ত্বর পূণর্মিলনী অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাই, দয়া করে আমাকে সহযোগিতা করুন। মনে রাখবেন আগামী ৪/৫ মাস সময় খারাপ যাবে। কারন ওরা আঘাত করার চেষ্টা করবে। সহযোগীতা চাই নারায়ণগঞ্জকে মাদক, ভূমিদস্যু, সন্ত্রাসী, ইভটিজার সহ সকল অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এজন্য একটি কমিটি করা হবে, যেটার নাম হবে ‘প্রত্যাশা’। আর এভাবেই আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো। যেখানে কোন দল থাকবেনা, শুধুমাত্র নারায়ণগঞ্জ বাসী থাকবে।
শামীম ওসমান বলেন, এখানে ঢোকার সময় আমি একজনের বক্তব্য শুনতে পাচ্ছিলাম। তিনি কে সেটা আমি জানিনা, তবে আমি সরাসরি বলতে চাই; বক্তব্যে সে বলছিলো সিদ্ধিরগঞ্জে এটা আছে ওটা পেতে হবে, এটা খেতে। আমি এসব খাওয়ার মধ্যে নেই। আমি মনে করি রাজনীতি মানে দেশ সেবা করা, রাজনীতি মানে এবাদত, মানুষের সেবা করা। রাজনীতি মানে ভাগ-বাঁটোয়ারা করা নয়। বিনোদ মহেশ্বরী আর সাইফুল্লাহ বাদলকে দেখেও যারা ভাগ-বাঁটোয়ারার কথা বলেন, আমি দুঃখিত তাদেরকে আমার কর্মী ভাবতে পারিনা। যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে হবে। টাকা দিয়ে শামীম ওসমান রাজনীতি করেনা। তাই সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হওয়া সত্বেও কেনো এত কম পরিমান ভোট পরেছে সেটা খতিয়ে দেখা হবে। আমি প্রতিটি ওয়ার্ডে যাবো। আমাকে আপনারা সহযোগিতা করবেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা তাঁতী লীগের সভাপতি সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা এড. বিদ্যুৎ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা সিরাজ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

