তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে – ভূমি প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালা ঝোলানো অবস্থায় কার্যালয় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কাজে অবহেলাকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি হঠাৎ করেই ওই কার্যালয়ে উপস্থিত হন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা তখন পর্যন্ত অফিসে উপস্থিত ছিলেন না।

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কার্যালয় এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী অফিসের বারান্দায় প্রায় আধা ঘণ্টা বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। স্থানীয় সেবাগ্রহীতা ও সাধারণ মানুষ এ দৃশ্য প্রত্যক্ষ করেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আমি খুব আশাহত হয়েছি।

অফিস খোলার কথা সকাল ৯টায়, অথচ পৌনে ১০টার দিকে একজন কর্মকর্তা এসেছেন, আরেকজন ১০টার পরে। আমরা ইন্সপেকশন শুরু করেছি। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রথম দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমি অফিসগুলোতে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চিহ্নিত করা হচ্ছে। দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। সেবাদানকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো কাজ কত দিনে হবে বা কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয় না।

আমলাতান্ত্রিক মনোভাব এখনো পুরোপুরি কাটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা থাকা উচিত, সেটি নিশ্চিত করতে হবে।

আকস্মিক পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, সিদ্ধিরগঞ্জেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় এমন ‘সারপ্রাইজ ভিজিট’ পরিচালিত হবে। অফিশিয়াল বিষয় যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের সরকার হিসেবে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বহাল থাকবে।

Related Articles

Back to top button