শেরপুরে ৩টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
শেরপুর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জেলা জাপা সভাপতিসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য পাওয়া গেছে।
যাচাই-বাছাইয়ে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী ও জেলা জাপা সভাপতি ইলিয়াস উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী জায়েদুল রশিদ শ্যামল এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা, এইচএম ইকবাল হুসাইন অন্তর ও মোহসিনুল বারী রুমীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম এ তথ্য জানিয়েছে। এ সময় মনোনয়নপত্র দাখিলকারী বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী উপস্থিত ছিলেন।
তবে তারা পরবর্তীতে আপিল করতে পারবে বলে জানা গেছে।
উল্লেখ্য, জেলার ৩টি আসন থেকে এবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনএ, জাকের পার্টি, সুপ্রিম পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র থেকে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
