তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাসম্পাদকের পছন্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ ভাবে পূজো অনুষ্ঠিত হচ্ছে – অজিত সাহা

স্টাফ রিপোর্টার :
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার (২০ অক্টোবর) বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি এ উৎসবের।
দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রনা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।
হিন্দু পূরাণ মতে, দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবিকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ শোক হানাহানি মারামারি বাড়বে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মরণ ব্যাধি এবং প্রাণহানির মতো ঘটনা বাড়বে।
এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে নারায়ণগঞ্জ জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। নারায়ণগঞ্জে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ।
এব্যাপারে দেওভোগ আখড়া মন্দিরের সভাপতি অজিত সাহা সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত দেড় মাস যাবৎ আমরা পুজোর প্রস্তুতি নিয়েছি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা অর্চনা চলছে। কোন প্রকার সমস্যা নেই এখানে। পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। সকলকে শারদীয় শুভেচ্ছা রইলো।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসারসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেওভোগ আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক মল্লিক সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদিপ সাহা প্রমুখ।

Related Articles

Back to top button