ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ,২ শ্রমিক দগ্ধ
খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লায় ডাইং কারখানার জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার নরসিংপুর এলাকার জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই এলাকার হারুনের ছেলে হায়দার (২৭) ও ভোলাইলের গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে মিলন (২৩)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে কারখানা চলমান থাকাবস্থায় হঠাৎ জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণ হয়। এসময় শ্রমিকদের মধ্যে ছুটাছুটি শুরু হয়। পরে সেখান থেকে দগ্ধ অবস্থায় দুজন শ্রমিককে উদ্ধার করা হয়।
কারখানার টেকনিক্যাল ডিরেক্টর মো. হাবিবুর রহমান বলেন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম। রাতে কারখানার মেইন গেটের সামনে উপস্থিত হতেই বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। কারখানার ভেতরে গিয়ে দেখি জেনারেটর রুমের পাইপ বিস্ফোরণ হয়ে এক পাশের দেওয়াল ধসে পড়েছে। পরে আহত দুজনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।


