কাঁচপুর থেকে ৮০ হাজার পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবর নারায়ণগঞ্জ. কম : সোনারগাঁও থানাধীন কাঁচপুর থেকে ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় কাঁচপুর রায়েরটেক সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: আক্তারুজ্জামন ওরফে দিলশান। তিনি নীলফামারী জেলার সদর থানার ইটখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের মো: আলীর ছেলে।
এ বিষয়ে জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক ব্যবসায়ী চক্র নারায়ণগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় কাঁচপুর রায়েরটেক সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। এসময় মাদক ব্যবসায়ীকে ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। তবে মাদক ব্যবসায়ীর বাকি সদস্যেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

