ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সিয়াম
সোনারগা প্রতিনিধি:
ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ১৫ বছরের কিশোরের লাশ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অলিপুরা ব্রিজের নিচে শনিবার (১ জুলাই) সকাল ৯টার দিকে লাশটি পাওয়া যায়।
মৃত সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার মৃত হোসেনের ছেলে এবং স্থানীয় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে সিয়াম বন্ধুদের সঙ্গে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় বন্ধুরা সিয়ামকে খুঁজে না পেয়ে তার পরিবার ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের উদ্ধারকর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা পর্যন্ত সিয়ামের সন্ধান পায়নি। পরে সকালে আবার তল্লাশি চালানো হয়। স্থানীয়দের সহযোগিতায় সকালে লাশটি পাওয়া যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার রাসেল মিয়া জানান, ‘ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া স্টেশনের ডুবুরি টিম ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েছে। সকাল ৯টায় লাশ পাওয়া গেছে।
